হাতীবান্ধায় ইউএনও’র অভিযানে মাদকসহ নারী আটক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৬-০৮, ৩:২৯ PM / ২২
হাতীবান্ধায় ইউএনও’র অভিযানে মাদকসহ নারী আটক

মাজারুল ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রবিবার (৮ জুন) দুপুরে ভেলাগুড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম মিঞা। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন নারীকে আটক করা হয়েছে।

ইউএনও’র নেতৃত্বে এবং হাতীবান্ধা থানার পুলিশ-এর সহযোগিতায় মোতালেব নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ির ভেতর ও পেছন থেকে ৬ বোতল ফেন্সিডিল, ২৫ বোতল স্কাফ সিরাপ, গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মেহেরুন বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে, যিনি ওই মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন,  “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসী মনে করছেন, এই অভিযানের ফলে মাদক ব্যবসা কিছুটা হলেও রোধ হবে।