ছাত্রনেতার বিরুদ্ধে অপহরণ মামলা, প্রতিবাদে সম্মেলন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-০৪, ৫:০২ PM / ৬৪
ছাত্রনেতার বিরুদ্ধে অপহরণ মামলা, প্রতিবাদে সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, রংপুর

রংপুরের মিঠাপুকুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রিপনের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণে সহায়তার অভিযোগে মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে দাবি করে ৪ জুলাই শুক্রবার কোমরগঞ্জ বাজারে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন।

মামলার ৫ নম্বর আসামি রাকিবুল ইসলাম রিপন ও ৬ নম্বর আসামি ফুয়াদ হাসানের বিরুদ্ধে আনা অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত” বলে দাবি করা হয়। রিপন দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়, এবং তাঁর জনপ্রিয়তাকে হেয় করতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ছাত্রনেতা রিপন বলেন, “এই মামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটি মেয়েকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন।”

মামলার ৬ নম্বর আসামি ফুয়াদ হাসান বলেন, “নবম শ্রেণির একজন শিক্ষার্থী হিসেবে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আমি চাই সঠিক তদন্ত হোক।”

সংগঠনের সমন্বয়ক মুত্তাসিম বিল্লাহ বলেন,“রিপনের বিরুদ্ধে অপহরণের মতো অভিযোগ ছাত্র সমাজের সম্মানহানির চেষ্টা। এটি নিছক ব্যক্তি আক্রমণ নয়, গোটা ছাত্র আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র।”

অপরদিকে, ভিকটিমের বাবা সামছুল ইসলাম বলেন, “আমার মেয়ে নিখোঁজ। অনেকদিন ধরে অপেক্ষা করেছি। যদি মেয়ে ফিরে আসে, মামলা প্রত্যাহার করবো।”

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, “যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, তদন্তে প্রমাণিত হলে তাদের অব্যাহতি দেওয়া হবে। তবে যেহেতু ভিকটিম নাবালিকা ও নিখোঁজ, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”