
আব্দুর রহমান, পঞ্চগড়।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ২০টি পরিবারের শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। সোমবার (১৪ জুলাই) স্থানীয় শাহজাহান আলী গংরা দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তা বন্ধ করে দেয়, ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, প্রায় ২৫-৩০ বছর ধরে তারা এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। এখন হঠাৎ করে তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা মহন চন্দ্র শর্মা বলেন, “বাপ-দাদার আমল থেকে আমরা এই রাস্তায় চলি। আজ সেটি বন্ধ করে দিয়েছে শাহজাহান গংরা। ভ্যানও ঢুকতে পারে না, তাহলে আমরা চলব কিভাবে?”
আরেক ভুক্তভোগী সন্দীপ শীল জানান, “২৫ বছর ধরে আমরা এই রাস্তায় চলাচল করছি। এখন যেতে দেওয়া হচ্ছে না। আমি সুষ্ঠু সমাধান চাই।” “এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন”— বলেন রিদয় শর্মা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামাউন হক বলেন, “বিষয়টি আমার জানা আছে। স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।”