জামালপুরে আ.লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়া অপহরণ নির্যাতনের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-২৫, ১০:৫৩ AM / ৫৮
জামালপুরে আ.লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়া অপহরণ নির্যাতনের অভিযোগ

মাসুদুর রহমান, জামালপুর–

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরীর বিরুদ্ধে হিজড়া সম্প্রদায়ের এক সদস্যকে অপহরণ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মাদারগঞ্জ উপজেলার চর গাবের গ্রামের বাসিন্দা হিজড়া বিন্দি @ বিদ্যুৎ (২৪) অভিযোগ করেন, গত ২৬ জুন গভীর রাতে তাকে কালাবাঘা এলাকা থেকে অপহরণ করে মুন্সিগঞ্জের বিক্রমপুরে নিয়ে যাওয়া হয়।

বিক্রমপুরের একটি বাসায় তাকে পায়ুপথে গরম ডিম প্রবেশ করানো, শরীরে ইলেকট্রিক শক দেওয়া এবং মানসিক নির্যাতন চালানো হয়। বিন্দির বোনকে ডেকে এনে ৩টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসইও নেওয়া হয়। এ ছাড়া সাড়ে চার লাখ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়।

ভুক্তভোগী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এবং গত ১৭ জুলাই জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেছেন। মামলাটি পিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

স্থানীয় হিজড়া সম্প্রদায় দাবি করেছে, আরিফা ময়ুরী দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের সর্দারনী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, প্রতারণা এবং দমনপীড়ন চালিয়ে আসছেন। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে দুর্নীতি, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগও তারা তুলেছেন।

অভিযোগ অস্বীকার করে ময়ুরী জানান, “এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার। বিন্দি নিজেই সর্দার হতে চায় বলেই এসব করছে।” তবে অপহরণের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।