
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি খয়ের জামাল পলাতক ছিলেন।
২০১৯ সালের ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১৩, রংপুরের একটি বিশেষ টহল দল কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে অভিযান চালিয়ে খয়ের জামালকে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৭২ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা, মোবাইল ফোন, সিম কার্ড ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
পরে র্যাব সদস্য রবিউল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুটি অভিযোগপত্র আদালতে দাখিল হয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার মাদক মামলার রায় ঘোষণা করা হয়। অস্ত্র মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।
পিপি অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন: “আদালত খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।”
আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান রিপন: “আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।”