
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (কৃষ্ণচূড়া)-তে এ প্রশিক্ষণ হয়। রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন।
প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া সুলতানা। কোর্স সমন্বয়ক ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল হাসান।
বক্তারা বলেন, ব্যক্তি ও জাতীয় জীবনে তামাকের ক্ষতিকর প্রভাব ভয়াবহ। শুধু আইন প্রয়োগ করলেই তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এজন্য পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। তামাক উৎপাদন, বিপণন ও ব্যবহার কমাতে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণে উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, তামাক প্রতিরোধী সংগঠনের প্রতিনিধিসহ ইমাম, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের মোট ৩৯ জন অংশগ্রহণ করেন।