
মো: পারভেজ হাসান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই অভিযানে হাসপাতালের ওষুধ সরবরাহ, রোগীর খাদ্যমান, ডাক্তার ও নার্সদের উপস্থিতি, সরকারি গাড়ির ব্যবহারসহ নানা অনিয়ম ধরা পড়ে।
দুদকের জেলা উপপরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, রান্নাঘরের খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী নয়। গুদামে পর্যাপ্ত ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলা হচ্ছে। ডাক্তাররা নিয়মিত অফিসে আসেন না, নার্সরা খামখেয়ালীভাবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন অচল, বর্হিবিভাগের ওষুধ সরবরাহ রেজিস্টারে তথ্য হালনাগাদ না করার বিষয়ও উঠে আসে। হাসপাতালে ৩২ জন ডাক্তারের স্থলে মাত্র ৪ জন কর্মরত রয়েছেন।
অভিযান শেষে হাসপাতালের ঠিকাদারি চুক্তি বাতিল ঘোষণা ও সংশ্লিষ্টদের শোকজ করার নির্দেশ দেয় দুদক। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।