সাকিব হাসান সজীব | ডেস্ক রিপোর্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা জেলেপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এসএম আলী গংদের বিরুদ্ধে।
আহত নারীর স্বামী ধীরেন মোহন্ত জানান, প্রতিপক্ষের লোকজন তার স্ত্রীর শ্লীলতাহানি ঘটিয়ে শারীরিক নির্যাতন চালিয়েছে। পরে তাকে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আহত নারীর দাবি, আমরা অসহায় লোক। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ধীরেন মোহন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে প্রতিপক্ষ এসএম আলী গংদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত রমজান আলী জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।