

সাকিব হাসান সজীব | ডেস্ক রিপোর্ট, দৈনিক মুক্তি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে নারী ও শিশুসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরে জমিনে জানা যায়, একই এলাকার আশীষ চন্দ্র গং ও শিশির চন্দ্রের মধ্যে ঠাকুরদার সম্পত্তির পজেশন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধ নিয়ে আদালতে একাধিক মামলা হলেও জমি বণ্টনের মামলা না থাকায় সুরাহা হয়নি। ২০২১ সালে দায়ের করা একটি মামলায় আদালত উভয়ের হিস্যা স্পষ্টভাবে উল্লেখ করে বিআরএস রেকর্ড সংশোধনের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি।
এ ঘটনায় আশীষ চন্দ্র অভিযোগ করেন, শিশির চন্দ্র তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখল নিতে চাইলে সংঘর্ষ বাধে। এতে তিনজন নারী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির রয়েছেন।
অপরদিকে শিশির চন্দ্র দাবি করেন, তিনি আদালতের আদেশ মেনে ২২ শতাংশ জমি ভোগ করছেন, কিন্তু আশীষ চন্দ্র গং বাধা দেওয়ায় নারী ও শিশুসহ তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি তবে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত অভিযোগ পূর্বে দায়ের করা হলে তা তদন্তধীন রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :