

আরিফুল ইসলাম | সালথা, ফরিদপুর
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্বামী বক্কার শেখ (৪৩) স্ত্রী মর্জিনা বেগমকে (৩৮) হত্যা করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। ঘাতক স্বামী বক্কার শেখ স্থানীয় মৃত ছত্তার শেখের ছেলে। দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বক্কার ভ্যান চালক এবং স্ত্রী মর্জিনা ছিলেন গৃহিনী। সোমবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে সন্তানরা বক্কারকে ঘর থেকে বের করে দেয়। এরপর বক্কার ঘরের টিনের বেড়া ভেঙে ঢুকে ধারালো বটি দিয়ে মর্জিনার মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মর্জিনা মারা যান।
এসময় বক্কারের মা মেহেরুন্নেছা (৬০) ঠেকাতে গেলে তিনিও গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বক্কার শেখকে আটক করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “পারিবারিক কলহের জেরে স্বামী বটির আঘাতে স্ত্রীকে হত্যা করেছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
আপনার মতামত লিখুন :