ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট, দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারি ওষুধ সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্যসেবায় বড় সংকট তৈরি হয়েছে। উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিক ও ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত বছরের ৫ আগস্ট থেকে এক বছরেরও বেশি সময় ধরে ওষুধ আসছে না।
প্রতিদিন শতাধিক রোগী এসব ক্লিনিকে আসলেও প্রয়োজনীয় ওষুধ না থাকায় চিকিৎসা সেবা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সর্দি-জ্বর, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ সাধারণ রোগে ভুগছেন গ্রামের মানুষ। ওষুধ না থাকায় চিকিৎসকরা প্রেসক্রিপশন দিয়ে বাজার থেকে কিনতে বলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী বলেন, “সরকারি ওষুধ না থাকায় রোগীরা ক্ষুব্ধ হচ্ছেন। আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু হাতে কিছু দেওয়ার না থাকায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে।”
স্থানীয়রা জানান, নিম্ন আয়ের মানুষ বাজার থেকে ওষুধ কিনতে গিয়ে অতিরিক্ত খরচের চাপে পড়ছেন। তারা দ্রুত সরকারি ওষুধ সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন (মেহেদী) বলেন, “কমিউনিটি ক্লিনিকের ওষুধ CBIC-এর মাধ্যমে EDCL তিন-চার মাস পরপর সরবরাহ করে। বর্তমানে EDCL ওষুধ না দেওয়ায় সংকট দেখা দিয়েছে। আশা করছি শিগগিরই এই সমস্যা সমাধান হবে।”