

নড়াইল জেলা প্রতিনিধি–নড়াইলে যৌতুকের টাকা না আনায় শান্তা খানম (২৭) নামে এক নারীকে পিটিয়ে আহত করেছে তার স্বামী মোহাম্মদ রিফায়েত হোসেন (৩৭)। বর্তমানে শান্তা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনার সময় তাদের শিশু সন্তান রমিম মায়ের উপর অত্যাচার দেখে কান্নায় ভেঙে পড়ে।
জানা গেছে, রিফায়েত হোসেন নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আনসার উদ্দিনের ছেলে এবং শান্তা খানম পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের সৈয়দ আরজ আলির মেয়ে।
ভুক্তভোগী শান্তা জানান, তার বাবা স্বামীর বিদেশ যাওয়ার জন্য সাড়ে চার লক্ষ টাকা দেন, কিন্তু রিফায়েত বিদেশে না গিয়ে সেই টাকা দিয়ে মাদকের ব্যবসা শুরু করে। বিষয়টি জানতে পেরে শান্তা আপত্তি করলে রিফায়েত প্রায়ই তাকে নির্যাতন করতো। একপর্যায়ে বাবার বাড়ি চলে যান শান্তা। পরে রিফায়েত তাকে বুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসে, কিন্তু ফের নতুন করে যৌতুকের টাকা দাবি করে। শান্তা রাজি না হলে ঘরের ভেতর আটকে পিটিয়ে আহত করা হয়।
তিনি আরও জানান, সন্তান রমিম ঘরের উপরের ফাঁক দিয়ে ঢুকে দরজা খুলে দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে থানায় মামলা দায়ের করেন শান্তা খানম।
এ বিষয়ে স্বামী রিফায়েত হোসেন বলেন, “পারিবারিক কারণে স্ত্রীকে মারা হয়েছে, যৌতুকের দাবি করা হয়নি।”
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :