সালথায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-০৮, ১:৩৮ PM / ৪৪
সালথায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা জানান, সকালে হঠাৎ ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তার ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সব মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতার কারণে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, এতে আনুমানিক সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কৃষক আজম মোল্যা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।