প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:৪৬ এ.এম
চরফ্যাসনে উপকূল দিবস পালিত

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)।।
‘জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা বলি; উপকূলের সংকট ও সম্ভাবনার কথা বলি’—এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাসন প্রেস ক্লাবের আয়োজনে উপকূল দিবস পালিত হয়েছে। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানোদের স্মরণে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. জুলফিকার মাহমুদ নিয়াজ। সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি সজিব শাহরিয়ার, আমির হোসেন, যুগ্ম সম্পাদক নোমান সিকদার ও জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভুঁইয়া, সাহিত্য সম্পাদক অশোক শাহা উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি-মীর সাজু (দৈনিক জনতা), মিজানুর রহমান সোহেল (চ্যানেল এস), হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ), নুরুল্লাহ আরিফ (আলোকিত বাংলাদেশ), মামুন হোসাইন (ডেইলি ক্যাম্পাস) ও শামিম হোসেন (দৈনিক আজকের ভোলা) প্রমুখ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, ১৯৭০ সালের এই দিনে বাংলাদেশের উপকূলজুড়ে আঘাত হানে ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গোর্কির’। প্রলয়ংকর জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চল বিরাণভূমিতে পরিণত হয়; প্রাণ হারান প্রায় পাঁচ লাখ মানুষ। বক্তারা দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানান।
শেষে ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন খাস মহল জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. ইয়াছিন।
কপিরাইট© মুক্তি ২০১৮ সংরক্ষিত।