
সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন—বিএনপি কখনো ধর্ম বেচাকেনা করে রাজনীতি করেনি, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করে না। তিনি বলেন, বর্তমানে অনেক দল বড় বড় কথা বললেও বিএনপি লোক দেখানো রাজনীতি করে না; দলটির জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করাই প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন, “নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই দলের লক্ষ্য। বিএনপি সবসময় নারীদের সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা দিয়ে এসেছে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন—জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে দল অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিকসহ উপজেলা–পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশে এলাকার নানা শ্রেণি-পেশার নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।