ঘোড়াঘাটে অটো ছিনতাইয়ের ২৪ ঘণ্টায় চারজন গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-২৫, ১১:৩৫ AM /
ঘোড়াঘাটে অটো ছিনতাইয়ের ২৪ ঘণ্টায় চারজন গ্রেফতার

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অটো (মিশুক) ছিনতাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চার দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে তাদের দখল থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটো মিশুকটি, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

মামলা সূত্রে জানা যায়, নূরজাহানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর (৫৮) গত ২২ নভেম্বর রাত ১০:৩০ মিনিটে রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের সামনে অটো নিয়ে যাত্রী অপেক্ষায় ছিলেন। এ সময় ৩–৪ জন অজ্ঞাতনামা যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার কথা বলে অটোটি ভাড়া নেয়।

রাত ১০:৪৫ মিনিটের দিকে নূরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে গাড়ি থেকে ফেলে দেয়। পরে সবাই মিলে তাকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং অটোটি ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনার পর ৩৯৪ ধারায় মামলা রুজু হলে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনের নির্দেশনায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নীয়ামতুল্লাহর নেতৃত্বে ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, এসআই সাব্বির আলম, এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী এবং সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন (২৫), নয়ন মন্ডল (২৫), খাজা মিয়া (২৬) ও রফিকুল ইসলাম (৩৮); সবাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাদের দখল থেকেই উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটো মিশুকটি।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।”