জামালপুরে শ্রেষ্ঠ সার্কেল মামুন, শ্রেষ্ঠ ওসি সাকিব


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-২৬, ৮:১০ PM /
জামালপুরে শ্রেষ্ঠ সার্কেল মামুন, শ্রেষ্ঠ ওসি সাকিব

মাসুদুর রহমান | জামালপুর সদর

জামালপুর জেলার সাতটি থানা, দুটি পুলিশ ফাঁড়ি ও ১১টি তদন্ত কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, চোরাচালান দমন, গুরুত্বপূর্ণ মামলার সফল নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন

একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি চোরাচালান, মাদক, চুরি-ডাকাতি রোধে উল্লেখযোগ্য সাফল্য দেখান। তার নেতৃত্বে উদ্ধার হয়েছে ২২ হাজার মাদকদ্রব্য, পাশাপাশি জনসেবায় মানবিক ভূমিকা ও সেবার মান উন্নয়নে তিনি প্রশংসিত হয়েছেন।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন—

  • শ্রেষ্ঠ আইসি: ১ নং পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ কামাল পাশা

  • শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ও শ্রেষ্ঠ এসআই: সদর থানার এসআই মোঃ শহীদুল ইসলাম

  • সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী: এসআই মোঃ সিরাজুল হক

  • দ্রুত অপহৃত নারী উদ্ধার: এসআই মুস্তাফিজুর রহমান

  • শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: এএসআই ইমরুল রশিদ

  • সর্বোচ্চ মোবাইল উদ্ধারকারী: এএসআই আবুল মুনছুর

বুধবার জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব পুরস্কার প্রদান করা হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, বিট পুলিশিংসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদা খাতুন, দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম, ইসলামপুর সার্কেলের এএসপি ইমরুল হাসান, মাদারগঞ্জ সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ জেলার সব থানার ওসি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এসব সাফল্য পুলিশকে আরও জনবান্ধব করেছে। অভিযোগকারীরা জানান, থানায় এসে দ্রুত সেবা পাচ্ছেন তারা।

ওসি নাজমুস সাকিব বলেন, “এই পুরস্কার থানার প্রতিটি সদস্যের। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, “পুরস্কার বড় বিষয় নয়—গুরুত্বপূর্ণ হলো জনগণকে কী সেবা দিতে পারলাম। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা আরো উন্নত করবো।”