

মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপালে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে আলোচনা সভা, ল্যারী ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
২৬ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পৃথিবীতে টিকে থাকার অন্যতম নিয়ামক হলো প্রাণীকূল। প্রাণী আমাদের আমিষের বড় উৎস এবং একই সঙ্গে জীবিকা নির্বাহের একটি কার্যকর মাধ্যম। রামপালে উন্মুক্ত চারণভূমি থাকায় এখানে গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন পশুপালনের প্রচুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অল্প জায়গায় গৃহিণীরা হাঁস-মুরগি, কবুতর, কোয়েলসহ বিভিন্ন পাখি পালন করে সংসারে বাড়তি আয়ের পথ তৈরি করতে পারেন।
বক্তারা আরও বলেন, পরিবারের আমিষের চাহিদা পূরণ ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খামারিরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শের প্রশংসা করেন।
সভাপতি সুজন সরকার বলেন, “খামারিদের যেকোনো সমস্যায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। তাদের মুখে হাসি ফুটলেই সেটাই আমাদের সফলতা।”
আপনার মতামত লিখুন :