
মোঃ সজিব সরদার | দুমকী, পটুয়াখালী
পটুয়াখালীর দুমকীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও আন্দোলনের কারণে অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন।
দেবীরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ জন সহকারী শিক্ষক লাইব্রেরিতে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইসলামী শিক্ষার মৌখিক পরীক্ষা পরিচালনা করছেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন জানান, দুমকীর ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের মাধ্যমে বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। সহকারী শিক্ষকরা দাবি করছেন—বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।