

আশিকুর রহমান সবুজ, গাজীপুর
গাজীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার, যা একসময় স্থানীয়দের যানজট থেকে মুক্তি দিয়েছিল, বর্তমানে ময়লার দুর্গন্ধ ও নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে। রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তিদের ফেলা প্লাস্টিক ও খাবারের বর্জ্য জমে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই গুরুত্বপূর্ণ স্থানের পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফ্লাইওভারের ঢাকামুখী লেনের একটি বড় অংশে প্রায় ৮-১০ দিন ধরে ময়লা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। চলন্ত গাড়ির চাকায় বর্জ্য পিষ্ট হয়ে পিচ্ছিল রাস্তা তৈরি হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। সৌখিন এক্সপ্রেসের চালক কাদির বলেন, “দশ দিন ধরে ময়লা জমে আছে। গন্ধ সহ্য করা যায়, কিন্তু রাস্তা পিচ্ছিল হওয়ায় গাড়ি চালানো ভয়ঙ্কর হয়ে গেছে।”
মাওনা চৌরাস্তা ফ্লাইওভার ২০১৫ সালে উদ্বোধন করা হয়। এটি একসময় যানজট কমানোর পাশাপাশি অঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে কাজ করত। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী ও অজ্ঞাত নাগরিকদের নিয়মিত বর্জ্য ফেলার কারণে ফ্লাইওভার ও নিচের সড়ক নোংরা হয়ে পড়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী রুপালী জানান, “আমরা আশপাশের ব্যবসায়ীকে সতর্ক করেছি, তবে রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তিরা বর্জ্য ফেলছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
পরিবেশবিদরা জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলার প্রবণতা একটি জাতীয় সমস্যা। এর সমাধানের জন্য পুলিশি নজরদারি, স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত দায়িত্ব নিশ্চিত করা জরুরি। অন্যথায় উন্নয়নের স্থাপনাগুলোই দুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
আপনার মতামত লিখুন :