হরিপুর মাদ্রাসায় গোপনে কমিটি গঠন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৩, ৬:৫১ PM / ২১
হরিপুর মাদ্রাসায় গোপনে কমিটি গঠন

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খামার ঈদগাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, সুপার মামুনুর রশীদ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম মিয়াসহ একটি প্রভাবশালী মহল গোপনে পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন।

অভিভাবকরা দাবী করেছেন, মাদ্রাসার কমিটি নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গঠিত হোক। এ বিষয়ে ২ ডিসেম্বর শিক্ষার্থী ও অভিভাবক ইউপি সদস্য আলমাস আলীসহ ১২ জন লিখিত অভিযোগ দায়ের করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর।

অভিযোগে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম মিয়া কোনো তফশীল ঘোষণা না করে সুপারের আত্মীয় ও শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। শিক্ষার্থী অভিভাবক মো: আলমাস আলী বলেন, “অবৈধ পকেট কমিটি করা হয়েছে, এটি মানা যায় না। আমরা চাই নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হোক।”

মাদ্রাসার সহকারী সুপার সানাউল্লাহ জানান, কমিটি গঠনের বিষয়ে তিনি সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যিনি নির্বাচন না করে সিলেকশনে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। মাদ্রাসার সুপার মামুনুর রশীদ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এডক কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, অভিযোগকারীদের কাছ থেকে শুনতে হবে, এটি ভিত্তিহীন ও মিথ্যা।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, “অভিযোগ আমাদের কাছে এসেছে, স্টাফদের জিজ্ঞেস করে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”