সালথায় মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি আটক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৬, ৫:০৬ PM / ২৭
সালথায় মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি আটক

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় আলোচিত মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলার একমাত্র শনাক্ত আসামি মো. রাজন মোল্লা (৩০)–কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজন মোল্লা একই গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে।

পারিবারিক সদস্যরা শুক্রবার রাতেই সালথা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান পরিচালনা করে পুলিশ রাজন মোল্লাকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাও উদ্ধার করে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তেরা অটোভ্যানচালককে বেঁধে রেখে মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬)–কে কুপিয়ে হত্যা করে। পরে উপজেলার আটঘর ইউনিয়নের মাটিয়াদহ (কালিতলা) ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়। ভ্যানচালককে একই স্থানে চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।

২৪ ঘণ্টার মধ্যে মামলার মূল আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে সালথা থানা পুলিশের তৎপরতা নিয়ে প্রশংসা দেখা দিয়েছে।