নড়াইলের লোহাগড়ায় পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৭, ২:৪৩ PM / ২০
নড়াইলের লোহাগড়ায় পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুর পাড় থেকে মোঃ তামিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোঃ তামিম মোল্যা লোহাগড়া উপজেলার চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ শহিদুল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তামিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় এক দোকানে ক্যারামবোর্ড খেলছিল। পরে সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোজাখুজি করেও তার সন্ধান মেলেনি। রোববার সকালে প্রতিবেশী হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে এক মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তামিমের মরদেহ শনাক্ত করে তার পরিবার। এদিকে, মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে পুলিশ তামিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তারা জানায়, তামিম বন্ধুদের নিয়ে রাতে ডাব চুরি করতে যায়। এসময় তামিম গাছ থেকে পড়ে গিয়ে মারা যায়।

এবিষয়ে লোহাগড়া থানা পুলিশের এসআই তারোক বিশ্বাস বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তামিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।