
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম, আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান ও আবেরন বেগমসহ স্থানীয়রা। বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামিপক্ষ নিজেদের ঘরবাড়ি ভেঙে নাটক সাজিয়ে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে প্রতিপক্ষ আয়ুব মোল্যা ও তার লোকজন হান্নান খানকে কুপিয়ে হত্যা করে। ২৩ জনের নামে মামলা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি আকরাম হোসাইন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং খুব দ্রুত আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।