

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের সোহদর গ্রামের তরুণ উদ্যোক্তা মোশাররফ হোসেন শখের বসে বিদেশি পাখি পালন শুরু করে এখন প্রতিষ্ঠা করেছেন একটি সফল খামার। তাহেরুল ইসলামের (তহরুম মেম্বার) ছেলে মোশাররফ শুরুতে কয়েকটি পাখি সংগ্রহ করে পালন করতেন। ধীরে ধীরে তার সংগ্রহে যুক্ত হয় বিভিন্ন জাতের বাহারি রঙের বিদেশি পাখি, যা এখন তাকে এনে দিয়েছে পরিচিতি ও অর্থনৈতিক সমৃদ্ধি।
মোশাররফের বাড়ির আঙিনাজুড়ে রয়েছে শানকুনুর, পাইনআপেল, কুনুর, সোনালি ময়না, বিভিন্ন জাতের কোকাটেল, লাভ বার্ডসহ আরও নানা ধরনের পাখি। পাশাপাশি তার খামারে রয়েছে আমেরিকান লাতামেক্স কুকুর ও পার্ফিয়ান বিড়ালও। প্রতিদিনই এসব দেখতে স্থানীয়দের ভিড় লেগেই থাকে।
স্থানীয়রা জানান, পাখি পালন নিয়ে তার নিষ্ঠা ও পরিশ্রম তরুণদের জন্য দৃষ্টান্ত। পাঁচ বছর ধরে খামার পরিচালনা করে মোশাররফ নিজেকে স্বাবলম্বী করেছেন। তিনি জানান, ভবিষ্যতে সরকার সহযোগিতা করলে বড় আকারে খামার গড়ে তুলতে চান এবং এলাকার বেকার যুবকদেরও যুক্ত করতে চান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপম চন্দ্র মহন্ত বলেন, “পাখির রোগবালাই তুলনামূলক কম। অল্প খরচে ও স্বল্প সময়ে এসব পাখি পালন করা যায়। এটি লাভজনক একটি পেশা। খামারিদের প্রতি আমাদের দাপ্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :