মনোনয়ন দ্বন্দ্বে গাজীপুরে বিএনপির সংঘর্ষ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৯, ৯:৪৩ AM / ১০
মনোনয়ন দ্বন্দ্বে গাজীপুরে বিএনপির সংঘর্ষ

আশিকুর রহমান সবুজ, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ নিয়েছে। মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মনোনীত ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হন। উত্তেজিত পরিস্থিতিতে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি গাড়ি ও দুটি মোটরসাইকেলে।
জানা যায়, গাজীপুর-১ আসনে দলীয় মনোনয়ন না পাওয়া জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীদের তীব্র সংঘর্ষ হয়।
ইসরাক সিদ্দিকী দাবি করেন, মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সেই ক্ষোভ নিরসনে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে মজিবুর রহমানের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। ওই সময় দুষ্কৃতকারীরা দুটি মোটরসাইকেল ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আহতদের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাক সিদ্দিকীর দাবি—সংঘর্ষে জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়েছে।
গত ৪ ডিসেম্বর মজিবুর রহমানকে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছিল। বিএনপির একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা মনোনয়ন প্রত্যাশী থাকায় এই বিরোধ দীর্ঘদিন ধরে চলমান ছিল। সংঘর্ষের এই ঘটনা দেখিয়ে দিয়েছে, নির্বাচনের আগে অভ্যন্তরীণ কলহ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।