
আশিকুর রহমান সবুজ, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির মামলার জেরে রওজাতুল উলুম বেগম জড়িনা বালিকা মাদ্রাসার পরিচালক খাইরুল ইসলাম (২৭) প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৯ নভেম্বর তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৮৬১) দায়ের করেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর মাদ্রাসার ছাত্রী আতিয়া আতার (১০)-কে যৌন হয়রানির অভিযোগে মেয়ের বাবা জালাল বাদী হয়ে ১নং অভিযুক্ত মো. শামীম প্রধানকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন (মামলা নং ৫১/১০/২০২৫)।
পরিচালক খাইরুল ইসলাম অভিযোগ করেন, মামলার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা না থাকলেও অভিযুক্তের পরিবার অহেতুক তাকে দোষারোপ করছে। বিবাদীরা—মো. শামীম প্রধান, মোছা. শাহনাজ ও মোছা. শাহিনুর—তার প্রতি শত্রুতা পোষণ করে বিভিন্ন সময় রাস্তাঘাটে মারধরের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানো ও রাজনৈতিক হয়রানির ভয় দেখাচ্ছে।
তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বিবাদীরা তার বাড়ির সামনে এসে অশালীন গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কারণে তিনি থানায় জিডি করেন।
ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শামীম প্রধান স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বলে জানা গেছে। তার অতীত কর্মকাণ্ড ও প্রভাবশালী শক্তির বিষয়ে অতিরিক্ত তথ্য সামনে আসতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরবর্তী দুই পর্বে তাকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হবে।