মোহাম্মদ হারুন অর রশিদ | কেরানীগঞ্জ
ঢাকা জেলার কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিবেশ দূষণ। উপজেলার চোরাস্তা মহাসড়ক, চর কুতব উত্তরপাড়া, গোলামবাজার, আতাসুর, দেওসুর, কালিন্দী রোডসহ ঘনবসতি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে নির্বিচারে ময়লা ফেলা হচ্ছে। ফলস্বরূপ এলাকাগুলো রূপ নিয়েছে বড় ধরনের ময়লার ভাগাড়ে।
সরেজমিনে দেখা যায়—চর কুতুব উত্তর পাড়া, গোলামবাজার, আতাসুর, কালিন্দী ইউনিয়নের প্রধান সড়কের দুই পাশে অবৈধভাবে ময়লা ফেলে পানি দূষণ, দুর্গন্ধ এবং বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও জমে আছে নোংরা পানি, বাড়ছে পোকামাকড়, রোগ-বালাই। স্থানীয়দের বাস করা হয়ে উঠেছে দুঃসহ।
জনসাধারণ জানান, প্লাস্টিক-আবর্জনা মাটিতে মিশে না যাওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। শিশু থেকে বৃদ্ধ—সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে গঠিত কমিটির কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না। প্রতিনিধিদের অবহেলায় ছোট সমস্যা বড় সংকটে রূপ নিয়েছে। তারা বলেন, “বর্জ্য অপসারণে দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা স্থায়ী সমাধান চাই।”