
ৱেজা টুনু | সুনামগঞ্জ
সারাদেশের ন্যায় হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ও নেতৃবৃন্দ লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার (টাফিক পয়েন্ট) এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত দসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক টিটু দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিলু মিয়া, সদস্য লিটন দাস, জিয়াউর রহমান ও আমির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সভা-সমাবেশ ও স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ তা আমলে নিচ্ছে না। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
তারা আরও বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর হোটেল ও রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরা কর্মবিরতিতে যাবেন। এদিন সকল শ্রমিককে কর্মবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।