শ্রীপুরে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-০৭, ২:০৫ PM /
শ্রীপুরে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আশিকুর রহমান সবুজ | শ্রীপুর, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে শ্রীপুরে আয়োজিত এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হন।

অনুষ্ঠানে ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিনের হাতে ফুল দিয়ে নবাগত নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। এ সময় যোগদানকারীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা রুহুল আমিন বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই। বিভিন্ন দল থেকে নেতা-কর্মীদের এই গণযোগদান প্রমাণ করে যে সাধারণ মানুষ বিএনপির রাজনীতির ওপর আস্থাশীল। তিনি নবাগতদের স্বাগত জানান এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার বলেন, বিএনপি একটি বৃহৎ পরিবার। দেশপ্রেমের টানে যারা আজ দলে যোগ দেন, তাদের নিয়ে শ্রীপুরে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে।

যোগদান অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকেন। অনুষ্ঠান শেষে একটি মিছিল বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।