নিঃস্ব ছেলের পাশে দাঁড়ালো শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১০, ৩:৫২ PM /
নিঃস্ব ছেলের পাশে দাঁড়ালো শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স

আশিকুর রহমান সবুজ | শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর দুর্লভপুর পূর্বপাড়া গ্রামের রহিমা খাতুন গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়ে দুই পা হারিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ মায়ের সেবা করতে গিয়ে তার ছোট ছেলে আরিফুল হাসান চাকরি ও সংসার হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে অর্থ ও চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন মা ও ছেলে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনে (ডিবিসি নিউজ) তাদের কষ্টের বিষয়টি প্রচার হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম নির্দেশনায় হাসপাতালের আরএমও নেতৃত্বে চিকিৎসক ও প্রতিনিধি দল গ্রামের বাড়িতে পৌঁছে রহিমার শারীরিক অবস্থা খতিয়ে দেখে তৎক্ষণিক শীতের কম্বল, জীবন রক্ষাকারী ঔষধ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আরিফুল হাসান জানান, মা দু’পা কেটে ফেলতে হয় গ্যাংগ্রিন রোগের কারণে। তিনি দিনরাত মায়ের পাশে থাকায় চাকরি করতে পারেননি, আয়ের একমাত্র উৎসও হারিয়েছেন। একপর্যায়ে স্ত্রী ও সন্তানও চলে যান। বর্তমানে মা ও ছেলে অন্যের সাহায্যে কোনোমতে দিন পার করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি দল আশ্বাস দিয়েছেন, রহিমা ও আরিফুলের পাশে তারা আছেন এবং ভবিষ্যতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত সরকারি সহায়তা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।