
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি-
লালমনিরহাটের কালীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী মো. সোয়েবুর রহমান ও শ্বশুর আব্দুল কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ভুক্তভোগী গৃহবধূ মোছা. ফারজানা খাতুন (২০) জেলার হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামের ফয়জার রহমান ইছার মেয়ে। তার স্বামী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
শনিবার বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফারজানা খাতুন জানান, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শ্বশুর যৌতুক বাবদ ৫ লাখ টাকা দাবি করে তাকে একাধিকবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এক বছর আগে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়, তারপরও নির্যাতন বন্ধ হয় না, বরং বেড়ে যায়।
গত বছরের ২৬ এপ্রিল দুপুরে বাড়ির আঙিনায় গৃহস্থালি কাজ করার সময় যৌতুকের টাকা আনতে চাপ প্রয়োগ করলে স্বামী লাঠি দিয়ে তাকে মারধর করেন। শ্বশুর, শাশুড়ি ও ননদও মারধরে অংশ নেন। ঘটনাস্থলে পৌঁছালে ভুক্তভোগীর বাবাকেও মারধর করা হয়। স্থানীয়দের সহায়তায় আহত গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে ২৭ এপ্রিল ২০২৫ তারিখে ফারজানার বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত স্বামী ও শ্বশুর গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফারজানা খাতুন ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবি করেন এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।