
আশিকুর রহমান সবুজ | শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আকাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে মাওনা এলাকার একটি নির্দিষ্ট স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন আকাশকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে একটি আধুনিক বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটককৃত আকাশ ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।