কুড়িগ্রামে আহত বিরল প্রজাতির ময়ূর উদ্ধার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১১, ১২:২০ PM /
কুড়িগ্রামে আহত বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়। রোববার সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ময়ূরটিকে ধরতে ধাওয়া দিলে একপর্যায়ে ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ে। তখন সাদ্দাম হোসেন ময়ূরটিকে আহত অবস্থায় ধরে এনে বাড়িতে রাখেন।

খবর পেয়ে রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।

উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধারকৃত ময়ূরটির বাম পায়ে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়ূরটিকে রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় ময়ূরটি নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।