

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তথা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার বিকেল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুল মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন—এটি দলের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন— “বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই; আমার ঠিকানা এই দেশ ও দেশের মানুষ।” নানা নির্যাতনের মধ্যেও আল্লাহ তাঁকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, যার প্রমাণ তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন দেশনেত্রী শুরু করেছিলেন, সেই আন্দোলনের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফার আলোকে একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, যাতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল হয়। ঘোড়াঘাটের মাটিতেই এই আন্দোলনের শক্ত ভিত গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মদানকারী সকল শহীদের আত্মা শান্তি পাবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল জাতিগোষ্ঠীকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ‘সুশাসনের আগামীর বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে শপথ নিতে হবে।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নয়নসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।
আপনার মতামত লিখুন :