

নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের স্বপন কুন্ডু তিন দশক ধরে পত্রিকা বিলি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন ভোরে গ্রামের হাটবাড়িয়া থেকে সাইকেল চালিয়ে নড়াইল শহরে আসেন স্বপন (৫৭)। শহরের বিভিন্ন দোকান, অফিস ও বাসায় নিয়মিতভাবে পত্রিকা পৌঁছে দেন তিনি।
রূপগঞ্জ বাজার থেকে পত্রিকার বান্ডিল তুলে নেওয়ার পরই শুরু হয় তার দৌড়ঝাঁপ, অলি-গলি ছুটে গ্রাহকদের হাতে পত্রিকা পৌঁছে দেওয়া। স্বপনের সংসারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ শাশুড়ি রয়েছেন। ছেলে স্নাতকোত্তরে, মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। তরুণ বয়সে আর্থিক অনটনের কারণে সাংবাদিক অশোক কুন্ডুর পরামর্শে তিনি পেশাটি শুরু করেন। ঝড়-বৃষ্টি বা ব্যক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও কোনো দিন পত্রিকা বিলি বন্ধ করেননি। মায়ের মৃত্যুর খবর পেলেও সেই দিনও গ্রাহকদের কাছে পত্রিকা পৌঁছে দিয়েছেন।
পাঠকরা স্বপনের উপর আস্থা রাখেন। একজন পাঠক বলেন, “স্বপন বাবু আমাদের কাছে সময়মতো পত্রিকা পৌঁছে দেন। তার ওপর ভরসা করা যায়।”
স্বপন কুন্ডু জানান, সময়ের সঙ্গে পত্রিকার চাহিদা কমেছে। অনলাইনের কারণে নতুন প্রজন্ম কাগজ হাতে নেয় না। নিয়মিত পাঠকদের কারণে পেশাটি টিকে আছে। আগে মাসে ১৪–১৫ হাজার টাকা আয় হলেও এখন ১০–১১ হাজার টাকার বেশি হয় না।
আপনার মতামত লিখুন :