

আশিকুর রহমান সবুজ | শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য “গণভোট-২০২৬” সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন।
বক্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা “জুলাই জাতীয় সনদ” ও সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সভা আয়োজন করা হয়েছে।
সভার অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ গণভোটের ব্যালট পেপার, ভোট প্রদানের নিয়ম এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন করেন। জেলা প্রশাসক উপস্থিত সবার প্রশ্নের উত্তর দেন এবং তৃণমূল পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোট আয়োজনের জন্য সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :