

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনতাহা নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়। সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার আবদুল্লাহপুর বাজারের উত্তর পাশে হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শিশুর দাদা মাওলানা আবু সাঈদ ও তার মেয়ে তানজিলা গুরুতর আহত হন। নিহত মুনতাহা উপজেলার কলমী ইউনিয়নের করিমপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি একটি বিকট শব্দ শুনে পেছনে তাকিয়ে রাস্তায় একটি শিশু, এক ব্যক্তি ও আরেক শিশুকে মোটরসাইকেলের পাশে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, মাওলানা আবু সাঈদ তার মেয়ে তানজিলা ও নাতনি মুনতাহাকে নিয়ে মোটরসাইকেলে করে তজুমদ্দিন উপজেলার বড় মেয়ের বাড়ি থেকে চরফ্যাসনের নিজ বাড়িতে ফিরছিলেন। আবদুল্লাহপুর বাজারের উত্তর পাশে পৌঁছালে মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে শিশু মুনতাহা মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :