

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সদ্য পদায়নপ্রাপ্ত প্রফেসর মো. জসিম উদ্দিন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। তার যোগদানের মধ্য দিয়ে কলেজটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক সংক্ষিপ্ত যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাসন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক মাসুদ, সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা।
অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিনকে শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা।
নবনিযুক্ত অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, চরফ্যাসন সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি একাডেমিক শৃঙ্খলা, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রফেসর মো. জসিম উদ্দিনকে চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি একজন দক্ষ প্রশাসক ও শিক্ষাবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত।
প্রফেসর মো. জসিম উদ্দিন ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের কৃতী সন্তান। তার যোগদানের ফলে চরফ্যাসন সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা।
আপনার মতামত লিখুন :