

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছে সচেতন নারী সমাজ। অভিযোগ অনুযায়ী, ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে বেলকুচি উপজেলায় ঝাড়ু মিছিল বের করেন স্থানীয় নারীরা।
উপজেলার সচেতন নারী সমাজের উদ্যোগে আয়োজিত এই ঝাড়ু মিছিলটি পৌর চালা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। মিছিলটি বেলকুচি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, মিছিলে উপজেলার প্রায় পাঁচ শতাধিক সচেতন নারী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ জানান এবং কর্মজীবী নারীদের সম্মান রক্ষার দাবি তোলেন।
মিছিলকারীরা বলেন, কর্মজীবী নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের নিয়ে কোনো ধরনের অশালীন বা অবমাননাকর মন্তব্য নারীর মর্যাদার পরিপন্থী। এমন মন্তব্য সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং নারীদের প্রতি অসম্মানকে উসকে দেয় বলে তারা অভিযোগ করেন।
স্থানীয় সচেতন নারী মরজিনা খাতুন বলেন, “জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমরা মনে করি। একজন নারী হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা তার কাছে নারী সমাজের প্রতি সম্মান দেখিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।”
আরেক অংশগ্রহণকারী নারী বলেন, নারীরা আজ ঘরে-বাইরে সমানভাবে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছেন। এ ধরনের মন্তব্য নারীদের আত্মসম্মান ও সামাজিক অবস্থানকে আঘাত করে। ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক বা সামাজিক নেতার কাছ থেকে এমন বক্তব্য না আসে, সে বিষয়েও তারা সতর্ক করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন কখনোই নারী অবমাননার হাতিয়ার না হয়। তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল বক্তব্য দেওয়া প্রত্যেক নেতার নৈতিক দায়িত্ব।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আয়োজকরা জানিয়েছেন, নারীদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রয়োজনে তারা আরও কর্মসূচি ঘোষণা করবেন।
আপনার মতামত লিখুন :