ঘোড়াঘাটে ডা. জাহিদের পক্ষে শ্রমিকদের পথসভা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৪, ৬:১৬ PM /
ঘোড়াঘাটে ডা. জাহিদের পক্ষে শ্রমিকদের পথসভা

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এ পথসভা আয়োজন করে ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১২৮৯)।

পথসভায় ইউনিয়নের সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেজবাউল আলম জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন একজন যোগ্য ও পরীক্ষিত নেতা।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা-ভ্যান শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার রক্ষায় এবং ন্যায্য দাবি আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. জাহিদ হোসেনকে বিজয়ী করার জন্য সকল শ্রমিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তারা।

পথসভা শেষে রাণীগঞ্জ হাইস্কুল মাঠ থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের দক্ষিণ অংশ প্রদক্ষিণ করে রাণীগঞ্জ গরু হাটে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, অঙ্গসংগঠন এবং রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।