কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৪, ১:১৮ PM /
কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

খালিদ হোসেন, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ মো. কামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃতকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

গ্রেফতারকৃত মো. কামাল হোসেন কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্যার ছেলে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. কামাল হোসেনের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি রামদা, তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।