

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে ব্যবসায়িক ও পারিবারিক শত্রুতার জেরে মো. শেখ সোহেল নামের এক ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কাওরাইদ টেম্পু স্ট্যান্ড সংলগ্ন ‘জলক এন্টারপ্রাইজ’ নামক চালের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী শেখ সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং স্থানীয়ভাবে পরিচিত একজন চাল ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে বেলদিয়া গ্রামের মো. কুদ্দুস (৫৫), মো. মাসুদ (৫৭), মো. রিদয় আলফি (২২)সহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন রয়েছে।
হামলার বর্ণনায় শেখ সোহেল জানান, কুদ্দুস হত্যার উদ্দেশ্যে দা দিয়ে তার মাথায় কোপ মারলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার ডান হাতের আঙুল গুরুতরভাবে জখম হয়। মাসুদ ছুরা দিয়ে তার গালে আঘাত করে এবং ক্যাশ বাক্সে থাকা চাল বিক্রির নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া রিদয় আলফি লোহার রড দিয়ে হাঁটুতে আঘাত করে এবং দোকান থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ১০ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শেখ সোহেল বলেন, “বিবাদীরা দাঙ্গাবাজ প্রকৃতির। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”
শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :