

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জানাজা নামাজে বাধা দেওয়ার অভিযোগে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীনের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) এক প্রতিক্রিয়ায় নাজমুল হুদা শাহীন বলেন, “আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। জানাজা নামাজে বাধা দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানানো ও মিথ্যা। রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ তোলা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি একজন মুসলমান হিসেবে কখনোই কোনো জানাজা নামাজে বাধা দেওয়ার কথা কল্পনাও করতে পারি না। এটি আমার ধর্মীয় মূল্যবোধ, সামাজিক অবস্থান ও রাজনৈতিক নীতির সম্পূর্ণ পরিপন্থী।”
নাজমুল হুদা শাহীন অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি দাবি করেন, স্থানীয় আহম্মদ আলী মাস্টার একই এলাকার খোরশেদকে দিয়ে পরিকল্পিতভাবে এ অভিযোগ উপস্থাপন করিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, “যাচাই-বাছাই ছাড়াই আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। কেউ যদি আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করে থাকে, তাহলে তারা প্রমাণসহ আইনগতভাবে সামনে আসুক। অপপ্রচার ও মিথ্যাচার গণমাধ্যম নীতির পরিপন্থী।”
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘটনায় নাজমুল হুদা শাহীনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পরিবারের সদস্যরা জানান, আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর এবং বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
নাজমুল হুদা শাহীন গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করা জরুরি। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে দাবি জানান, মিথ্যা তথ্য ছড়িয়ে যারা এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, নাজমুল হুদা শাহীন রাজাবাড়ী ইউনিয়নের একজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। স্থানীয়ভাবে তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
আপনার মতামত লিখুন :