

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
ভোলা–৪ (চরফ্যাসন ও মনপুরা) সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে দলটির নেতা–কর্মীদের ওপর জামায়াতে ইসলামি ও ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির অন্তত ৮ জন নেতা–কর্মী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চরফ্যাসন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মৃধা বাড়ির জামে মসজিদের সামনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয় সূত্র জানায়, ভোলা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণা চলাকালে জামায়াত ও শিবিরের কয়েকজন কর্মী আপত্তিকর স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির কর্মীরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আহাম্মদপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক মঈন অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির জসিম উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০–৬০ জন নারী ও পুরুষ বিএনপির নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে যুবদল নেতা জাহাঙ্গীরসহ ৮ জন আহত হন।
এ ঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে জামায়াত ও শিবিরের ৭ জন নেতা–কর্মীর বিরুদ্ধে দুলারহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির জসিম উদ্দিন বলেন, বিএনপির নেতা–কর্মীরাই প্রথমে হামলা চালিয়েছেন।
দুলারহাট থানার ওসি মো. মিজান জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :