
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে এ মহড়া পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় সেনাবাহিনীর আকাশপথে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সেনাসদস্যরা হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের বিভিন্ন স্থানে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
মহড়ার অংশ হিসেবে চিলমারীর আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে করে চরাঞ্চলের দুর্গম ভোটকেন্দ্র সম্ভাব্য এলাকাগুলোতে যায়। সেখানে তারা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে জনগণকে আশ্বস্ত করেন। সেনাবাহিনীর উপস্থিতিতে চরবাসীর মধ্যে স্বস্তি ও সাহস ফিরে আসে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় ভোটার রহিম আলী বলেন, “চরের ভেতরে অনেক সময় মাস্তানদের ভয় থাকে। কিন্তু আজ যেভাবে সেনাবাহিনী মহড়া দিল, তাতে আমরা সাধারণ মানুষ খুব নিশ্চিন্ত বোধ করছি। এখন মনে হচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারব।” তিনি আরও বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে মানুষের সাহস বেড়েছে এবং নিরাপত্তা নিয়ে আস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় যুবকদের ভাষ্য, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের নির্ভয়ে ভোট দিতে উৎসাহ দেওয়া হয়েছে। তরুণ ভোটাররা জানান, আগে ভয় থাকলেও এবার তারা ভোটকেন্দ্রে যেতে আত্মবিশ্বাস পাচ্ছেন। তাদের মতে, নয়ারহাটের মতো দুর্গম এলাকায় এমন নিরাপত্তা মহড়া অত্যন্ত প্রয়োজন ছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে নৌপথে দুর্গম চরাঞ্চলে ভোটগ্রহণের দিন এবং ভোটের আগে-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।
এদিকে স্থানীয়রা মনে করছেন, আকাশপথে সেনাবাহিনীর মহড়া ও সরাসরি উপস্থিতি চরাঞ্চলে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করতে সহায়ক হবে।