মোরগ মার্কায় ভোট চান মেজর সাব্বির


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৫, ৬:১৭ PM /
মোরগ মার্কায় ভোট চান মেজর সাব্বির

নবীন মাহমুদ :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মোরগ মার্কার স্বতন্ত্র প্রার্থী মেজর সাব্বির আহমেদ মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার সকাল থেকে তিনি কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি কাঠালিয়া উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন, আওরাবুনিয়া ইউনিয়ন, শৌলজালিয়া ইউনিয়নসহ রাজাপুর উপজেলার বিভিন্ন পথঘাট, হাটবাজার, অলিগলি এবং পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো শোনেন।

গণসংযোগকালে মেজর সাব্বির আহমেদ নির্বাচনী প্রতীক মোরগ মার্কায় ভোট ও দোয়া চান। তিনি দাবি করেন, নির্বাচিত হলে ঝালকাঠি-১ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন।

গণসংযোগ চলাকালে বক্তব্যে মেজর সাব্বির আহমেদ বলেন, “আমি ব্যক্তিগতভাবে সামাজিক উন্নয়নের অংশীদার হয়ে কাজ করে যাচ্ছি। আমি নির্বাচিত হলে ঝালকাঠি-১ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবো—ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি কোনো সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত নই। এমপি না হয়েও যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম, নির্বাচিত হলেও আপনাদের এমপি নয়—ভাই হয়ে পাশে থাকতে চাই।”

এদিকে স্থানীয়দের অনেকে বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর সাব্বির আহমেদের প্রচারণা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভোটার তার সততা, সমাজসেবামূলক কাজ এবং উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে রাজাপুর-কাঠালিয়া অঞ্চলে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

গণসংযোগে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, প্রার্থী নিজে এলাকায় এসে সাধারণ মানুষের কথা শোনায় তারা আশাবাদী। এছাড়া উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতিও জনগণের মধ্যে আগ্রহ তৈরি করেছে।