
সুলতান মারজান হৃদয়, মিঠাপুকুর প্রতিনিধি-
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নৌকায় চড়ে সেলফি তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’ নামক জলাশয়ে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা খাতুন ওই এলাকার বকুল মিয়ার মেয়ে এবং স্থানীয় জোড়গাছ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, সে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে সুবর্ণা তার এক নিকটাত্মীয়সহ আরও তিনজনের সঙ্গে বড়পুকুরে নৌকায় ঘুরতে যায়। নৌকাটি মাঝপুকুরে পৌঁছালে সুবর্ণা মোবাইল ফোনে সেলফি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় হঠাৎ নৌকার ভারসাম্য নষ্ট হয়ে গেলে সে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় এবং গভীর পানিতে তলিয়ে যায়।
নৌকায় থাকা অন্যরা এবং আশপাশের স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে পুকুরের পানি গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের চারজন ডুবুরি প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সুবর্ণার নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মশিউর রহমান।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের জন্য নৌকাভ্রমণ করতে গিয়ে যে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তা কেউ কল্পনাও করেনি।