
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে রংপুরমুখী লেনে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি ট্রাক সামনের আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি দুর্ঘটনাকবলিত অবস্থায় মহাসড়কের লেনে দাঁড়িয়ে থাকায় সড়কে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী গাজীপুর জেলার রাহিমা আক্তার মুন্নি। এছাড়া গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগঞ্জ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদকের নাম 







