ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়ন চাই: আজাদ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৭, ৮:৪৩ AM /
ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়ন চাই: আজাদ

খায়রুল ইসলাম-

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়নের রাজনীতি চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, ইসলামী নীতিমালার আলোকে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটিয়ে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, কপিলমুনি বাজার শুধু মুসলমানদের নয়, বরং হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি উল্লেখ করেন, এই বাজারকে কেন্দ্র করে হাজারো হিন্দু ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, সম্মান এবং ন্যায্য অধিকার নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

তিনি আরও বলেন, কপিলমুনি বাজারের পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। একইসাথে চলমান অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকট নিরসনে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল নেতৃত্বের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আবুল কালাম আজাদ।

এদিকে, জনসভায় সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।